সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে লাইভ শোতে হঠাৎ চিৎকার করে উঠেছিলেন আনুশকা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

বলিউড অভিনেতা শাহিদ কাপুর ও আনুশকা শর্মা অভিনীত ‘বদমাশ কোম্পানি’ সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। তবে মুক্তির সময় সিনেমাটির প্রচারণামূলক এক সাক্ষাৎকারে দুই তারকার মধ্যে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসেছে।

প্রচারণার অংশ হিসেবে টিভি চ্যানেল ‘জুম’-কে দেওয়া সেই সাক্ষাৎকারে শাহিদ ও আনুশকার সঙ্গে উপস্থিত ছিলেন তাদের সহ-শিল্পী মেয়াং চ্যাং। কথোপকথনের একপর্যায়ে শাহিদ হাসির ছলে চ্যাংকে উদ্দেশ্য করে কৌতুকপূর্ণ মন্তব্য করেন। প্রতিউত্তরে চ্যাং বিনয়ের সাথে জবাব দিলে শাহিদ আবারও তাকে খোঁচা দিয়ে কথা বলেন।

সহ-অভিনেতার সঙ্গে শাহিদের এমন আচরণ দেখে চুপ থাকতে পারেননি আনুশকা। তিনি সাথে সাথেই শাহিদকে থামিয়ে দিয়ে চ্যাংশের পক্ষ নিয়ে কথা বলেন। মাঝপথে আনুশকার এই হস্তক্ষেপ মোটেও ইতিবাচকভাবে নেননি শাহিদ। ক্যামেরার সামনেই নিজের বিরক্তি প্রকাশ করে তিনি আনুশকাকে প্রশ্ন তোলেন কেন তিনি অন্য দুজনের কথার মাঝে ঢুকে পড়ছেন।

তর্ক বাড়তে থাকলে শাহিদ মন্তব্য করেন যে, অন্যের কথায় নাক গলানো আনুশকার পুরোনো অভ্যাস। এই কথায় ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠেন আনুশকা এবং ক্যামেরার কথা তোয়াক্কা না করেই শাহিদকে উচ্চস্বরে ‘শাট আপ’ বলে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দ্রুত সাক্ষাৎকারটির ধারণকাজ বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকের ধারণা, সিনেমার প্রচার ও দর্শক আকর্ষণ করতেই হয়তো এটি একটি সাজানো নাটক বা প্র্যাঙ্ক ছিল। তবে দীর্ঘ সময় পার হলেও এই বিষয়ে শাহিদ বা আনুশকা কেউই কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।

পারমিত শেঠি পরিচালিত ও যশ রাজ ফিল্মস প্রযোজিত ২০১০ সালের এই সিনেমাটি চার বন্ধুর রাতারাতি ধনী হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছিল, যা বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank