বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জোর করে রিতেশের সিনেমায় ঢুকে পড়েছেন সালমান খান!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পিএম আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৭ পিএম
রিতেশ দেশমুখ ও সালমান খান। ছবি : সংগৃহীত
expand
রিতেশ দেশমুখ ও সালমান খান। ছবি : সংগৃহীত

অবশেষে মুক্তির দ্বারপ্রান্তে সিনেমা ‘রাজা শিবাজি’। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজের বীরত্বগাথা নিয়ে নির্মিত এক ঐতিহাসিক চলচ্চিত্র এটি। ১ মে সিনেমা হলে আসছে এটি। এতে নামভূমিকায় অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলেছেন রিতেশ দেশমুখ।

‘রাজা শিবাজি’র বড় আকর্ষণ সালমান খানের উপস্থিতি। তাকে এই ছবিতে নেওয়ার জন্য আলাদা করে কোনো অনুরোধ করতে হয়নি। এক আড্ডায় শুটিংয়ের কথা জানতে পেরে নিজেই এতে আগ্রহ প্রকাশ করেন তিনি। রিতেশ তখনও তার জন্য কোনো চরিত্র ভাবেননি শুনে সালমান রসিকতা মেশানো দৃঢ়তায় জানিয়ে দেন, এই সিনেমায় তিনি থাকবেনই।

সালমান অনেকটা অধিকারের সুরেই বলেন, 'না, না, না... আমাকে ছাড়া তুমি এই সিনেমা বানাতে পারবে না। আমাকে এতে থাকতেই হবে'। বলিউড ভাইজানের এই আগ্রহ ও আন্তরিকতায় অভিভূত হন রিতেশ।

এর আগে রিতেশের মারাঠি সিনেমা ‘লাই ভারি’ এবং তার পরিচালনায় প্রথম ছবি 'ভেড' এও গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সালমানকে। ফলে ‘রাজা শিবাজি’তেও তাদের এই বন্ধুত্বের ছাপ স্পষ্ট।

দীর্ঘ এক দশকের অপেক্ষা আর নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখছে এই সিনেমা। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে রিতেশ জানান, ২০১৬ সাল থেকেই এই প্রজেক্ট তার স্বপ্ন ছিল। করোনাসহ বিভিন্ন কারণে বারবার পিছিয়ে গেলেও তিনি বিশ্বাস করেন, সঠিক সময়ের জন্যই যেন অপেক্ষা করছিলেন শিবাজী মহারাজ।

ছবিতে রিতেশ ও সালমান ছাড়াও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, বিদ্যা বালান, সঞ্জয় দত্ত এবং বোমান ইরানির মতো তারকারা। পাশাপাশি এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে রিতেশের ১০ বছর বয়সী ছেলে রাহিলের।

জিও স্টুডিওর নিবেদনে, মুম্বাই ফিল্ম কোম্পানির ব্যানারে নির্মিত এই সিনেমার প্রযোজনায় রয়েছেন জ্যোতি দেশপান্ডে ও জেনেলিয়া দেশমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন