মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছেন আলোচিত সেই ড্রামার স্লাই ডানবার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিশ্বসংগীত হারাল আরেকটি উজ্জ্বল নক্ষত্র। কিংবদন্তি জ্যামাইকান ড্রামার ও প্রযোজক স্লাই ডানবার আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

স্লাই ডানবারের মৃত্যুর খবর প্রথম নিশ্চিত করেন তাঁর স্ত্রী থেলমা। জ্যামাইকান সংবাদপত্র দ্য গ্ল্যানার–কে তিনি জানান, সোমবার সকালে স্বামীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাঁর মুখপাত্রও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। যদিও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি, তবে কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন থেলমা।

রেগে সংগীতের ইতিহাসে অগ্রগণ্য এই শিল্পী বব মার্লে থেকে শুরু করে দ্য রোলিং স্টোনস—অসংখ্য আন্তর্জাতিক কিংবদন্তির সঙ্গে কাজ করেছেন। তাঁর সৃষ্টিশীলতা ও অনন্য ড্রামিং স্টাইল আধুনিক সংগীতের ধারায় গভীর প্রভাব ফেলেছে।

বিশ্বজুড়ে স্লাই ডানবার সবচেয়ে বেশি পরিচিত প্রযোজনা জুটি ‘স্লাই অ্যান্ড রবি’-এর সদস্য হিসেবে। এই জুটি পিটার তোশ, ব্ল্যাক উহুরু ছাড়াও বব ডিলান, গ্রেস জোনস ও ইয়ান ডিউরির মতো রক ও পপ তারকাদের বহু জনপ্রিয় গান প্রযোজনা করেছে। সংগীতজগতে স্লাই ডানবারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

জ্যামাইকার কিংস্টোনে জন্ম নেওয়া ডানবার শৈশবে টিন ক্যান দিয়ে ড্রাম বাজানো শুরু করেন। কিশোর বয়সে বেজিস্ট রবি শেক্‌সপিয়ারের সঙ্গে পরিচয়ের পর সংগীতজগতে তাঁর উত্থান ঘটে।

১৯৮০ সালে তাঁরা যৌথভাবে ‘ট্যাক্সি রেকর্ডস’ প্রতিষ্ঠা করেন, যা নতুন প্রজন্মের বহু জ্যামাইকান শিল্পীকে পরিচিতি দেয়। ব্রিটিশ ডিজে ডেভিড রোডিগান ডানবারকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তিনি ছিলেন ‘একজন সত্যিকারের আইকন’ এবং সর্বকালের অন্যতম সেরা ড্রামার।

সূত্র: বিবিসি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন