সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ববি ছাত্রদল নেতা মাহাদীকে শোকজ

ববি প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৭:২৯ এএম
মো. মাহাদী হাসান
expand
মো. মাহাদী হাসান

সাংগঠনিক আলোচনার কথোপকথন গোপনে অডিও রেকর্ড করার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহাদী হাসানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্তের নির্দেশে তাকে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, মাহাদী হাসানের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। কেন তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে উপযুক্ত কারণ দর্শাতে বলা হয়েছে।

কারণ দর্শানোর জন্য দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন- বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইত্তেসাফ আর রাফি এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে সন্তোষজনক কারণ দর্শাতে ব্যর্থ হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী একতরফা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বলেন, দীর্ঘদিন ধরে সংগঠনের গুরুত্বপূর্ণ তথ্য, অভ্যন্তরীণ কথোপকথন ও সাংগঠনিক বিষয়াদি বাইরে ফাঁস হওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় ছাত্রদলের গুরুত্বপূর্ণ কথোপকথন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ পাওয়ায় বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন।

তিনি বলেন, “গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভার্সিটির টি-কর্নারে আমি দুজন সহ-সাংগঠনিক সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদকের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম।

আলোচনার একপর্যায়ে সহ-সাংগঠনিক সম্পাদক মাহাদী তার মোবাইলে অডিও রেকর্ড চালু করে অত্যন্ত স্পর্শকাতর ও সাংগঠনিক বিষয় নিয়ে আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। বিষয়টি আমার নজরে এলে আমি কথোপকথন চালিয়ে যাই। প্রায় ১২ মিনিট পর তার মোবাইল পরীক্ষা করে কথোপকথন রেকর্ড করার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

আরিফ হোসাইন শান্ত আরও বলেন, এ ঘটনা অত্যন্ত গুরুতর এবং সাংগঠনিক শৃঙ্খলা, আস্থা ও গোপনীয়তার প্রশ্নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সংগঠনের অভ্যন্তরীণ কথোপকথন গোপনে রেকর্ড করার মতো সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো আপসের সুযোগ নেই।

নোটিশটি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) পিয়াস আহমেদ রিফাতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন