

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
আদালতে ডনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তরিকুল ইসলাম (জুয়েল) এবং রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
এর আগে গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিআইডি ডনকে আটক করে।
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশের সংকেতে তাকে হেফাজতে নেওয়া হয় এবং বিকেলে সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
ডনের আইনজীবী জামিন আবেদনে দাবি করেন, তিনি ষড়যন্ত্র ও হয়রানির শিকার এবং এই ঘটনার বিষয়ে কিছুই জানেন না। এজাহার কিংবা গ্রেপ্তারি ফরওয়ার্ডিংয়ে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই বলেও উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর দীর্ঘদিন বিষয়টি আত্মহত্যা হিসেবে বিবেচিত হলেও পরবর্তীতে তা হত্যা মামলায় রূপ নেয়।
এরপর ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় ১১ জনের বিরুদ্ধে এই হত্যা মামলা করেন। ডন ছাড়াও এ মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি এবং ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই।

