বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ভ্রমণ নিয়ে কানাডার সতর্কবার্তা, ঝুঁকিপূর্ণ যেসব এলাকা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১২:৫১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কানাডা সরকার। রাজনৈতিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে দেশটির হালনাগাদ ভ্রমণ নির্দেশিকায় এ সতর্কতা জারি করা হয়েছে।

একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা; রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভ্রমণ পুরোপুরি এড়িয়ে চলতে বলেছে কানাডা। ওই অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, জাতিগত বিরোধ, অপহরণ এবং অস্ত্র ও মাদক পাচারের ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।

কানাডা সরকারের ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশে সহিংসতার ঘটনায় হাজারো মানুষ নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও যেকোনো সময় সহিংস বিক্ষোভ ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে।

ঢাকার বিভিন্ন এলাকাতেও ভ্রমণকারীদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভবন, সচিবালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল, নয়াপল্টন, পুরানা পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা ও কারওয়ান বাজার।

পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ পুরোপুরি এড়িয়ে চলার পরামর্শ দিয়ে কানাডা সরকার জানিয়েছে, ওই অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, জাতিগত সংঘাত, অপহরণ এবং মাদক ও অস্ত্র চোরাচালানের ঝুঁকি রয়েছে। তবে কেউ সেখানে যেতে চাইলে অন্তত ১০ দিন আগে স্থানীয় প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া নারী ভ্রমণকারীদের একা ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। রাতে গণপরিবহন ব্যবহার না করার পাশাপাশি ঢাকা শহরের বাইরে ভ্রমণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

ভ্রমণ নির্দেশিকায় আরও বলা হয়েছে, ধর্মীয় উৎসব ও জনসমাগমসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার ঝুঁকি এখনো রয়েছে। পাশাপাশি সাধারণ ধর্মঘট ও অবরোধ চলাকালে বাংলাদেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে কানাডা সরকার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন