বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘শেয়াল হওয়ার চেয়ে কুকুর হওয়া ভালো’ নাসিরুদ্দিনকে কঙ্গনার খোঁচা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০১:৪৬ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে গত ২৫ জুলাই থেকে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছেন শত শত শিক্ষার্থী ও সরকারি চাকরিপ্রার্থী।

এই ইস্যুকে কেন্দ্র করে বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহকে নিশানায় এনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত। আন্দোলনে নাসিরুদ্দিনের নীরবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সরাসরি কটাক্ষ করেছেন তিনি।

অন্যায় ও প্রতিবাদের মুখে তারকাদের নীরবতা নিয়ে নাসিরুদ্দিনের পুরোনো একটি বিতর্কিত মন্তব্যের সুত্র ধরেই এই হামলা চালান কঙ্গনা। ইতিপূর্বে এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন বলেছিলেন, মুখ আটকে থাকলে বা ‘মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না’।

সেই পুরোনো বক্তব্য মনে করিয়ে দিয়ে কঙ্গনা লেখেন, বর্তমানে কাউকে ‘কুকুর’ বলা মূলত এক ধরনের প্রশংসা, কারণ আনুগত্য ও সরলতা এখন বিরল। একই সঙ্গে তিনি যোগ করেন, নাসিরুদ্দিনের মতো ‘শেয়াল’ হওয়ার চেয়ে অনুগত কুকুর হওয়াও অনেক ভালো।

প্রতিবেশী দেশের প্রতি নাসিরুদ্দিনের সহানুভূতি রয়েছে ইঙ্গিত করে কঙ্গনা আরও দাবি করেন, নাসির সাহেব এই দেশে থাকলেও লড়েন অন্য দেশের হয়ে।

নিজের অবস্থান পরিষ্কার করে এই সংসদ সদস্য জানান, প্রত্যেক মানুষেরই কোনো না কোনো প্রতি আনুগত্য থাকে; তবে যে দেশের অন্ন খেয়ে বেঁচে থাকা, সেই দেশের পাশে দাঁড়ানো এবং দেশের জন্য লড়াই করাটাই তাঁর কাছে সবচেয়ে গর্বের।

সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে কঙ্গনা ও নাসিরুদ্দিনের অবস্থান বিপরীতমুখী হওয়া নতুন কিছু নয়।

তবে ঝাড়খণ্ডের সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নাসিরুদ্দিনের পুরোনো মন্তব্য টেনে কঙ্গনার এই তীক্ষ্ণ আক্রমণ নতুন করে চর্চার জন্ম দিয়েছে। কঙ্গনার এই বক্তব্যের জবাবে নাসিরুদ্দিন শাহ এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন