

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপহার হিসেবে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের লেখা ‘মনকে কাজ দিন’ বই উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে বইটি তুলে দেওয়া হয়। এ নিয়ে শিক্ষার্থীদের একাংশ ও ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের মধ্যে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাবি শাখার আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, বেশ কয়েক বছর ধরে একাত্তরের যুদ্ধাপরাধীদের নর্মালাইজেশনের প্রক্রিয়া চলছে। শিবিরের নবীনবরণে মাথাপিছু সহস্রাধিক টাকা খরচ হয়েছে। এটা কোনো শিক্ষার্থীসূলভ সংগঠনের কর্মকাণ্ড নয়। এখানে দেশি-বিদেশি বাংলাদেশবিরোধী শক্তির বিনিয়োগ নেই- তার নিশ্চয়তা কী?
তিনি আরও বলেন, আমরা হস্তক্ষেপমুক্ত রাজনৈতিক অঙ্গন চাই। তবে দেশবিরোধী অ্যাজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে তদারকি জরুরি।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, নবীনবরণ আয়োজনের আড়ালে নবীন শিক্ষার্থীদের হাতে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ রাজনৈতিক মতাদর্শের বই তুলে দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে গোলাম আযম, যিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার কারণে ইতিহাসে চিহ্নিত, তার লেখা বই নবীনদের হাতে তুলে দেওয়া কোনোভাবেই একটি বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চার আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তবে বই বিতরণ নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য দিতে রাজি হননি রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, এটা নিয়ে আমরা এখন কথা বলতে চাচ্ছি না। যখন এটা নিয়ে সমালোচনা তৈরি হবে, তখন আমরা এর ক্লিয়ারেন্স দেব। যতক্ষণ বিতর্ক সৃষ্টি হচ্ছে না, ততক্ষণ এটা নিয়ে কথা বলার প্রয়োজন বোধ করছি না।
শনিবারের অনুষ্ঠানে রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এতে সভাপতিত্ব করেন রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও পরিচিতিমূলক আয়োজন হিসেবে অনুষ্ঠানটি করা হলেও উপহার হিসেবে গোলাম আযমের লেখা বই দেওয়ার বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এসেছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা।



