বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন চুক্তিতে এনসিপি চুপ কেন, ছাত্র ইউনিয়ন নেতার প্রশ্ন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

জুলাই গণঅভ্যুত্থানের পর তড়িঘড়ি করে সম্পন্ন হওয়া মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে নাহিদ ইসলাম এবং এনসিপি চুপ কেন—এমন প্রশ্ন তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি জাহিদুল ইসলাম ইমন। বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতিতে তিনি এই প্রশ্ন তোলেন।

সোমবার (২৭ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক এই সভার আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

সভায় বক্তব্য দেওয়ার সময় ছাত্র ইউনিয়ন নেতা জাহিদুল ইসলাম ইমন মার্কিন বাণিজ্য চুক্তি ইস্যুতে এনসিপির নীরবতা নিয়ে কড়া সমালোচনা করেন।

প্রধান অতিথি নাহিদ ইসলামের উদ্দেশে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে ছাত্র ইউনিয়নের এই নেতা বলেন, “জুলাইয়ে ‘দিল্লি না ঢাকা’ স্লোগানে যাদের সাথে গলা মিলিয়েছিলাম, অভ্যুত্থানের পর দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তির মতো একটি গোলামি চুক্তি তড়িঘড়ি করে নির্বাচনের আগে সম্পন্ন করেছিলেন ড. ইউনূস। অভ্যুত্থানের নেতাদের ক্যাবিনেটে উপস্থিতি থাকা সত্ত্বেও বিন্দুমাত্র বিরোধিতা করতে শুনিনি।”

এই ঘটনাকে অভ্যুত্থান-পরবর্তী সবচেয়ে বড় হতাশা হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “বর্তমানে বিরোধীদলীয় অবস্থানে থেকেও কোনো নড়চড় দেখতে পাচ্ছি না। জনগণ এ ব্যাপারে এনসিপির সুস্পষ্ট অবস্থান জানতে চায়। আমি জনাব নাহিদ ইসলামের কাছে এই প্রশ্ন রাখতে চাই, আপনারা ন্যূনতম প্রতিবাদটুকু কেন করতে পারছেন না?”

জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন