

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হল সংলগ্ন গেরুয়ার ঢালের বিভিন্ন খাবারের দোকানে অভিযান পরিচালনা করেছে হল প্রশাসন ও শহীদ রফিক-জব্বার হল সংসদের একটি প্রতিনিধি দল।
অভিযানকালে একটি হোটেলে নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ পাওয়া যায়। নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ পাওয়া যাওয়ায় দোকানটি জব্দ করা হয় এবং হোটেলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
পরিচালিত এ অভিযানে লামিসার হোটেলে রান্নার জন্য প্রস্তুত অবস্থায় নিষিদ্ধ পিরানহা মাছ পাওয়া যায়। পরে মাছগুলো জব্দ করে হল প্রশাসনের হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে লামিসার হোটেলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ সময় হল প্রশাসন ও হল সংসদের প্রতিনিধিরা গেরুয়ার ঢালের অন্যান্য দোকানদারদেরও নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ এবং রূপচাঁদা মাছ বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেন। ভবিষ্যতে এ ধরনের নিষিদ্ধ মাছ বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
শহীদ রফিক-জব্বার হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) শরীফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হল প্রশাসন ও হল সংসদ যৌথভাবে গেরুয়ার ঢালের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে। একাধিক দোকানে তল্লাশি চালানোর পর লামিসার হোটেলে রান্নার জন্য প্রস্তুত অবস্থায় নিষিদ্ধ পিরানহা মাছ পাওয়া যায়। দোকান কর্তৃপক্ষ মাছটি পিরানহা বলে স্বীকার করলে আমরা তা জব্দ করি। এ ঘটনায় লামিসার হোটেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে। পাশাপাশি অন্যান্য দোকানকেও নিষিদ্ধ মাছ বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়েছে
এ বিষয়ে শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ ড. আবদুছ ছাত্তার বলেন, দোকানগুলোকে বারবার কোনো ধরনের অনৈতিক কার্যক্রমে জড়িত না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও এ ধরনের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হল প্রশাসন ও হল সংসদ যৌথভাবে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাছ জব্দ করেছে। বিষয়টি আরও বিস্তারিতভাবে তদন্ত করে পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট দোকানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


