

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান টাইমস হায়ার এডুকেশন (THE) সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিংস ২০২৬-এ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঝে প্রথম স্থান অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি)।
বুধবার (২৪ জুন) যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা-বিষয়ক প্রতিষ্ঠান টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে ‘সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিংস ২০২৪’ রিপোর্ট প্রকাশিত হয়। এতে নোবিপ্রবি বিশ্বব্যাপী ৪০১-৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে। বিশ্বের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নোবিপ্রবি এই অবস্থান অর্জন করেছে। একই সঙ্গে তালিকাভুক্ত বাংলাদেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়টি সমন্বিতভাবে তৃতীয় স্থান এবং দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে শিক্ষা, গবেষণা, সামাজিক অন্তর্ভুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে অবদানের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, গবেষণা প্রকাশনা বৃদ্ধি, আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণায় উৎসাহ প্রদান, টেকসই উন্নয়নভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন এবং সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন উদ্যোগের ফলে এ সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষার্থীরা এটিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামাজিক অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম বলেন, “টাইমস হায়ার এডুকেশনের মতো আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে নোবিপ্রবির এ অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। এটি প্রমাণ করে যে শিক্ষা, গবেষণা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের দিকে এগিয়ে যাচ্ছে। একজন শিক্ষার্থী হিসেবে এ সাফল্য আমাদের অনুপ্রাণিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করতে আমরা নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব।”
র্যাংকিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেলের অতিরিক্ত পরিচালক ও নোবিপ্রবি সাস্টেইনঅ্যাবিলিটি কমিটির সদস্য সচিব ড. ফাহদ হুসাইন বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন (THE) ইমপ্যাক্ট র্যাংকিংয়ে এই অর্জন নোবিপ্রবির টেকসই উন্নয়ন ও প্ল্যানেটারি হেলথের প্রতি দৃঢ় অঙ্গীকারের স্বীকৃতি। শিক্ষা, গবেষণা, পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণে আমাদের বহুমাত্রিক উদ্যোগ এই সাফল্যের ভিত্তি তৈরি করেছে। টিম লিড হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি, একটি সুস্থ পৃথিবী ও টেকসই ভবিষ্যৎ গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং নোবিপ্রবি সেই দায়িত্ব পালনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’
নোবিপ্রবি উপ-উপাচার্য ও র্যাংকিং সেলের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার। আমি চাই এই অর্জনের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।’
এ বিষয়ে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘নোবিপ্রবির এই অভাবনীয় সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। এই গৌরবময় অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’
তিনি আরো বলেন, ‘এ সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষতার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও শক্তিশালী করতে আমরা কাজ করে যাব।’