

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ছাড়া সোমবার রাতেও ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন সংগঠনটির নেতাকর্মীরা।
কর্মসূচি শেষে দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের রাজনৈতিক কার্যক্রমের সমালোচনা করেন।
সমাবেশে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আওয়ামী লীগের রাজনীতি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জনগণের আন্দোলনের মাধ্যমে প্রত্যাখ্যাত এই রাজনৈতিক শক্তির যেকোনো নেতিবাচক কর্মকাণ্ড ছাত্রসমাজ প্রতিহত করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও স্বৈরতান্ত্রিক রাজনীতির কোনো স্থান নেই।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের নামে বা ব্যানারে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তার মোকাবিলা করবে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”
জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “২৩ জুনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে কর্মসূচির চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রদল সবসময় সচেষ্ট থাকবে।”
তিনি আরও বলেন, “শিক্ষা, ঐক্য ও প্রগতিশীল রাজনীতিতে বিশ্বাসী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। স্বৈরাচারী রাজনীতির পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।”
কর্মসূচিতে জবি ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন, রফিকুল ইসলাম, নাহিয়ান বিন অনিক, রবিউল আওয়াল, শাহাদাত হোসেন, সাখাওয়াত ইসলাম পরাগ, আহসান মল্লিক, আমিরুল ইসলাম, আরিফুল ইসলাম, আকাশ ও ইয়াসিন আরাফাতসহ নওয়াব ফয়জেতুন্নেছা হল ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।