

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ অ্যালামনাইদের সমন্বয়ে পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। তিনি বলেছেন, অ্যালামনাইদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান শিক্ষার্থীদের দক্ষ ও কর্মক্ষেত্র-উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে শুরু করে প্রতিটি ব্যাচের অ্যালামনাইদের তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে। এতে তাদের নাম, ঠিকানা, কর্মস্থল, পেশাগত পরিচয়, বিশেষ দক্ষতা ও অর্জনের তথ্য সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি কার্যকর যোগাযোগের সেতুবন্ধন তৈরি হবে।
তিনি বলেন, শাবিপ্রবির অনেক সাবেক শিক্ষার্থী বর্তমানে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি এবং সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তারা নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। তাদের এই অভিজ্ঞতা ও দক্ষতা বর্তমান শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করব।
ড. খায়রুল ইসলাম বলেন, অ্যালামনাইদের অংশগ্রহণে নিয়মিত ক্যারিয়ার কাউন্সেলিং, মেন্টরশিপ প্রোগ্রাম, সেমিনার, কর্মশালা এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন আয়োজন করা হবে। এতে শিক্ষার্থীরা বাস্তব কর্মজীবনের চাহিদা সম্পর্কে জানতে পারবে এবং নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডেও অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণে তাদের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সাবেক শিক্ষার্থীদের একটি শক্তিশালী অংশীদার হিসেবে দেখতে চাই।