মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগ দাবি ছাত্রদলের 

জবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১১:১১ পিএম
সংবাদ সম্মেলন
expand
সংবাদ সম্মেলন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিচার না হওয়া এবং শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি প্রদানসহ বিভিন্ন দাবিতে প্রশাসনের ধারাবাহিক ব্যর্থতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, গত বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। তার দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিবিরের প্রত্যক্ষ মদদে সাংবাদিক সমিতির গঠনতন্ত্র পরিবর্তন করে ৮ মার্চ একটি ‘পাতানো নির্বাচন’ আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন স্বনামধন্য পত্রিকার প্রতিনিধিদের বাদ দিয়ে শিবিরপন্থী কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি জানতে বাদ পড়া সাংবাদিকরা সাংবাদিক সমিতিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

হিমেল আরও বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার বিচার চেয়ে প্রশাসনের কাছে বারবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি প্রদানের বিষয়েও প্রশাসন ব্যর্থ হয়েছে। এসব কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের কাছে বিচার চাওয়া হলেও তারা কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, যা প্রশাসনের গাফিলতিরই প্রমাণ।

তিনি আরও বলেন, এর আগে সম্পূরক বৃত্তিসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালন করেছিলেন। সে সময় প্রশাসন জানুয়ারি মাসের মধ্যে সম্পূরক বৃত্তি প্রদানের আশ্বাস দিয়েছিল এবং তা বাস্তবায়ন না হলে পদত্যাগের কথাও বলেছিল। কিন্তু জানুয়ারি পেরিয়ে মার্চ মাস এলেও এখনো বৃত্তি প্রদান করা হয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম-আহ্বায়ক সুমন সর্দার, মুস্তাফিজুর রহমান রুমী, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আওয়াল, কাজী রফিকুল ইসলাম, নজরুল ইসলাম মামুন, তুহিনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন