

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (৬ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মার্চ (বৃহস্পতিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সাংবাদিকরা সদস্য হওয়ার দাবি নিয়ে গেলে তাদের ওপর ছাত্রশিবিরের নেতাকর্মীরা ন্যাক্কারজনক হামলা চালায়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক সমিতি একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার সংগঠন। সেখানে কোনো ছাত্রসংগঠনের সরাসরি হস্তক্ষেপ বা হামলা শুধু অনৈতিকই নয়, বরং মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে, সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বরোচিত কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয় এবং এতে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে।
ছাত্রদল আরও জানায়, দুঃখজনক বিষয় হলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপস্থিতিতেই কয়েকটি জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের ওপর এই হামলা চালানো হয়েছে। প্রশাসনের এমন নিষ্ক্রিয়তা প্রমাণ করে যে তারা ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির প্রক্রিয়ায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী এর সদস্য হওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদ, শিক্ষক সমিতি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও পরিকল্পিতভাবে গঠনতন্ত্র পরিবর্তনের মাধ্যমে একে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে, যা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল দাবি করে, একটি বিশেষ ছাত্রসংগঠনের সাংবাদিকদের ওপর এই হামলা ছাত্ররাজনীতিকে কলঙ্কিত করেছে। একই সঙ্গে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণে ক্যাম্পাসে সহনশীলতার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও তারা অভিযোগ করে।
বিজ্ঞপ্তিতে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আহত সাংবাদিকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
মন্তব্য করুন