সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একাদশে ভর্তি ফি কত, কোন কলেজে খরচ কত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১০:০২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (১০ আগস্ট)। এরপর শুরু হবে একাদশ শ্রেণিতে ভর্তির লড়াই। এ ভর্তি প্রক্রিয়া, ভর্তি ফি, খরচ নিয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি শিক্ষা বোর্ডগুলো।

সম্প্রতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে এক বৈঠক করেছে। সেখানে আগের মতোই এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এলাকাভেদে ভর্তি ফি ও অন্যান্য খরচও আগের মতোই থাকতে পারে।

ঢাকা বোর্ড সূত্র জানায়, ২০২৫ সালের একাদশে ভর্তি নীতিমালা অনুযায়ী- এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা, জেলায় ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে দেড় হাজার টাকা।

নন-এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে ফি ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সাড়ে ৭ হাজার টাকা, ইংরেজি ভার্সনে সাড়ে ৮ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ভার্সনে ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা।

এছাড়া নন-এমপিও কলেজে ভর্তিতে ফি জেলায় বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে আড়াই হাজার টাকা। উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নেওয়া হবে।

শিক্ষা বোর্ড শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করার সময় রেজিস্ট্রেশন ফি বাবদ ১৪২ টাকা, ক্রীড়া ফি বাবদ ৫০ টাকা, রোভার/ রেঞ্জার ফি বাবদ ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ৫ টাকা, শিক্ষক কল্যাণ ফি ও অবসর সুবিধা ভাতা ফি ১০০ টাকাসহ মোট ৩৩৫ টাকা নিতে পারবে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, নিয়মে খুব একটা পরিবর্তন আনা হচ্ছে না। ভর্তি ফি ও অন্যান্য ফি-ও প্রায় একই রকম থাকবে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই ভর্তিপ্রক্রিয়া সম্পর্কে জানিয়ে দেওয়া হতে পারে। অথবা প্রকাশের পরপরই এটা শিক্ষার্থীরা জানতে পারবে বলেও জানান বোর্ড চেয়ারম্যান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন