

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা মামলায় কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২৪ নেতাকর্মীকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় আরাফাত নামে এক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।
এদিন মামলায় গ্রেপ্তার ২৫ আসামিকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক রুহুল আমিন ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে এবং আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত ২৪ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরাফাতকে শিশু দাবি করে কাগজপত্র দাখিলের জন্য আগামীকাল রোববার অধিকতর শুনানির দিন ধার্য করা হয়েছে। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর গুলশান থানা এলাকায় কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেন। একপর্যায়ে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড রাবার বুলেট ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল জব্দ করা হয়।
এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।



