বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ল্যাংড়া রুবেলসহ গ্রেপ্তার ৫

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০১:২৬ পিএম
গ্রেপ্তারকৃত আসামি
expand
গ্রেপ্তারকৃত আসামি

রাজধানীর পল্লবীতে মাদকদ্রব্য বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ল্যাংড়া রুবেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।

বুধবার (১২ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হামিদ খান ওরফে মাখন, ল্যাংড়া রুবেল, তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পা, পারভেজ ও রাব্বী।

অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, এক হাজার পিস ইয়াবা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

ডিবি জানায়, শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পল্লবীর সেকশন-১১ এলাকায় ইমনের চায়ের দোকানের সামনে গোলাগুলির ঘটনা ঘটে।

এতে আলমগীর নামে এক ব্যক্তি পেটে ও মাথায় গুলিবিদ্ধ হন। একই ঘটনায় জোসনা নামে এক পথচারী নারীও পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

এ ঘটনায় আলমগীরের স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় মামলা হয়। মামলার পর ডিবি মিরপুর বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে ছায়া তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে গোলাগুলিতে ব্যবহৃত একটি টয়োটা প্রিমিও গাড়ির সন্ধান পায় ডিবি।

পরে গাড়িটির মালিক হামিদ খান ওরফে মাখনকে পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে হামিদ জানান, গাড়িটি তার নামে নিবন্ধিত হলেও এর প্রকৃত মালিক কুখ্যাত মাদক ব্যবসায়ী ল্যাংড়া রুবেল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রুবেলের সহযোগী পারভেজ ও রাব্বীকে কালশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ল্যাংড়া রুবেলের ব্যবহৃত একটি সাদা রঙের টয়োটা ভক্সি গাড়ি উদ্ধার করা হয়। গাড়িটি তল্লাশি করে পাওয়া যায় এক হাজার পিস ইয়াবা।

পরে পারভেজ ও রাব্বীর দেওয়া তথ্যের ভিত্তিতে রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিং সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় ডিবি।

সেখান থেকে ল্যাংড়া রুবেল ও তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, মাদকদ্রব্য বিক্রির লেনদেনকে কেন্দ্র করেই ল্যাংড়া রুবেল ও তার সহযোগীরা ওই গোলাগুলির ঘটনা ঘটায়।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ল্যাংড়া রুবেলসহ তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারেও ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন