

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামের মহান আদর্শ প্রচার, পবিত্র আল-কুরআনের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং কুরআনের সাথে সমাজের সর্বস্তরের মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আল ওয়াহদাহ ফাউন্ডেশন রাজধানীর পল্টনে পবিত্র আল-কুরআন ফ্রি বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আল ওয়াহদাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাদিকুর রহমান আযহারী, সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমানী, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহীন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদুদ্দিন মাদানী। এছাড়াও ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক। বিশেষ অতিথি: বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব রিন্টু আনোয়ার।
এ সময় বক্তারা বলেন, পবিত্র আল-কুরআন মানবজাতির জন্য পরিপূর্ণ জীবনবিধান। ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, ইনসাফ, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কুরআনের শিক্ষা অনুসরণের কোনো বিকল্প নেই। কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এবং কুরআনমুখী সমাজ গঠনের লক্ষ্যে আল ওয়াহদাহ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কুরআন ফ্রি বিতরণ, দ্বীনি শিক্ষা, দাওয়াহ কার্যক্রম এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
আল ওয়াহদাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, সমাজে কুরআনের চর্চা যত বৃদ্ধি পাবে, ততই নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও সামাজিক অস্থিরতা দূর হবে। তিনি কুরআনের শিক্ষা নিজে অনুসরণ করার পাশাপাশি অন্যদের কাছেও তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
এছাড়াও প্রধান অতিথি বক্তব্যে বলেন, "আমাদের লক্ষ্য কেবল কুরআন ফ্রি বিতরণ নয়; বরং মানুষের জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি করা। কুরআন একজন মানুষের জীবন বদলে দিতে পারে, আর একজন আদর্শ মানুষ একটি সমাজকে বদলে দিতে পারে।"
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় আল ওয়াহদাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও কুরআনের দাওয়াহ, ইসলামী শিক্ষা বিস্তার এবং মানবকল্যাণমূলক কার্যক্রম আরও ব্যাপক পরিসরে বাস্তবায়িত করার জন্য আপনাদের সকলের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।


