

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে উদ্ধার হওয়া শক্তিশালী বোমাসদৃশ বস্তুটি (আইইডি) সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার শোভাযাত্রাকে লক্ষ্য করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, শোভাযাত্রার নির্ধারিত পথের কাছেই ওই আইইডি পাওয়া যায়। রথযাত্রার মিছিল ওই এলাকা অতিক্রম করার সময় নিরাপত্তার স্বার্থে জায়গাটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় মতিঝিল থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। মামলার বাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মুক্তা। শনিবার (২৫ জুলাই) মামলার বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার।
মামলার এজাহারে বলা হয়েছে, উল্টো রথযাত্রার নিরাপত্তায় দায়িত্ব পালন করছিলেন এসআই মুক্তা। শোভাযাত্রার রুট ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে মতিঝিলের শাপলা চত্বর হয়ে স্বামীবাগ আশ্রম পর্যন্ত।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার দিকে ট্রাফিক বিভাগ থেকে ডিএমপি নিয়ন্ত্রণ কক্ষে মতিঝিল এলাকায় একটি সন্দেহজনক বস্তু পাওয়ার খবর দেওয়া হয়। পরে জানা যায়, একটি ছাতার ভেতরে রাখা বস্তুটিতে আলো জ্বলছিল।
খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেট্রোরেল স্টেশনের জেনারেটর রুমের পাশে থাকা স্থানটি ঘিরে ফেলে। ওই সময় রথযাত্রার মিছিল সেখানে পৌঁছালে নিরাপত্তার কারণে পুলিশ সদস্যরা বিকল্প পথে যাওয়ার অনুরোধ করেন এবং বিদ্যুৎজনিত সমস্যার কথা বলে স্থানটি এড়িয়ে যেতে বলেন।
পরে শোভাযাত্রা নিরাপদে ওই এলাকা অতিক্রম করে স্বামীবাগ আশ্রমের দিকে চলে যায়। এরপর বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আইইডিটি নিষ্ক্রিয় করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে জিআই পাইপের অংশ, ব্যাটারি এবং বেয়ারিংয়ের বলসহ কয়েকটি আলামত উদ্ধার করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে বোমা রেখে মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছিল। তবে কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত নয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম রথ শোভাযাত্রাকে কেন্দ্র করে বোমাটি রাখা হয়েছিল বলে সন্দেহ প্রকাশ করে বলেন, এ কারণে বোমাটি পাতা হয়ে থাকতে পারে। তবে তদন্ত চলছে। জড়িতদের ব্যবস্থা নেওয়া হবে।