

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টানা ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচের অংশে পানি জমে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে চালক ও পথচারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
রোববার (১২ জুলাই) ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের এক ট্রাফিক আপডেটে এ তথ্য জানানো হয়।
ট্রাফিক পুলিশ জানায়, কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে ওই এলাকায় যান চলাচলের গতি কমে গেছে এবং কোথাও কোথাও যানজটেরও সৃষ্টি হয়েছে।
এছাড়া বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ রাজধানীর বিভিন্ন নিচু এলাকায়ও বৃষ্টির পানি জমে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।
এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ। পাশাপাশি জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ আরও জানায়, যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক সদস্যরা মাঠে কাজ করছেন। একই সঙ্গে নগরবাসীকে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলা এবং যানজট নিরসনে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।
