সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে দর্জিকে মারধরের অভিযোগ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০২:১১ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় বিএনপি নেতা গাজী জাহাঙ্গীরের ছেলের বিরুদ্ধে এক দর্জিকে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

রোববার (০৫ জুলাই) সন্ধ্যায় আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত দর্জি আজগর আলীকে (৪৫) উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে একটি রিকশায় উঠছিলেন আজগর আলী। এ সময় পূর্ব শত্রুতার জেরে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য গাজী জাহাঙ্গীরের ছেলে গাজী সায়মনের নেতৃত্বে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের উপর্যুপরি আঘাতে আজগর আলী রক্তাক্ত ও গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আহতের বড় ভাই আবু বকর অভিযোগ করে বলেন, ‘গাজী সায়মনের নেতৃত্বে একদল সন্ত্রাসী হঠাৎ করে আমার ভাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ করার প্রস্তুতি নিলে উল্টো আমাদের গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তেঘরিয়া ইউনিয়ন বিএনপি নেতা গাজী জাহাঙ্গীর বলেন, ‘আমার ছেলের সঙ্গে কিছুটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে সে কাউকে মারধর করেছে কি না, সে বিষয়ে আমি এখনও নিশ্চিত নই। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়ে পরে জানাতে পারব।’

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, ‘ঘটনাটি শুনেছি, তবে এখনও পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Mexico VS England
Scheduled
06 Jul, 06:00 AM
VS
World Cup