

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় এবং তার ব্যান্ডের ঢাকায় নির্ধারিত কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আয়োজনের এক দিন আগে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক জানায়, ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। এ ছাড়া সরকার নির্ধারিত প্রয়োজনীয় অনুমোদনও নেওয়া হয়েছিল। তবে অনিবার্য পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন, তারা অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। পাশাপাশি কনসার্টের নতুন তারিখ এবং অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইয়ামাহা মিউজিক বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম রায়ও। তিনি জানান, বৃহস্পতিবার (২৫ জুন) সকালে আয়োজকদের কাছ থেকেই এ সিদ্ধান্তের কথা জানতে পেরেছেন।
উল্লেখ্য, রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টে অনুপম রায় ও তার ব্যান্ডের পাশাপাশি ‘বেঙ্গল সিম্ফনি’- এরও পরিবেশনার কথা ছিল। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।