বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৬:২৮ এএম
গার্মেন্টস ব্যবসায়ীর বাসার ফটকে গুলির চিহ্ন ।। ছবি: সংগৃহীত
expand
গার্মেন্টস ব্যবসায়ীর বাসার ফটকে গুলির চিহ্ন ।। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় এক তৈরি পোশাক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ‘জান্নাত’ নামের বাড়িতে এই গুলির ঘটনা ঘটে।

বাড়ির মালিক আবুল কাশেম পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী এবং এ কে এস বি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

জানা গেছে, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে গেটে দুটি গুলি করে পালিয়ে যায়। পরে বাড়ির সামনে থেকে আরও দুটি তাজা গুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হেলমেট পরিহিত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে প্রথমে বাড়িটি রেকি করে। এরপর সামনের রাস্তায় লোকজনের যাতায়াত কমে এলে তারা পুনরায় ফিরে এসে গুলি ছোড়ে এবং পাশের গলি দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে ৭ নম্বর সেক্টরের ওই বাড়ির স্টিলের গেটে দুই রাউন্ড গুলি করে পালিয়ে গেছে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন