

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে টানা পতন দেখা গেছে। শুক্রবার (১২ জুন) নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকে। খবরটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দেওয়ার পরই বাজারে স্বস্তির আভাস দেখা দেয়।
শুক্রবার (১২ জুন) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১.২১ ডলার বা ১.৩ শতাংশ কমে দাঁড়ায় ৮৯.১৭ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.২৩ ডলার বা ১.৪ শতাংশ কমে ৮৬.৪৮ ডলারে নেমে আসে।
সপ্তাহজুড়ে বাজারের চিত্রও ছিল নিম্নমুখী। এই সময়ের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ৪.২ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৪.৪ শতাংশ পর্যন্ত কমেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমে আসায় বিনিয়োগকারীদের উদ্বেগও হ্রাস পেয়েছে। ফলে সরবরাহ ব্যাহত হওয়ার ভয় কমে গিয়ে বাজারে বিক্রির চাপ বেড়েছে, যা দামের পতনে ভূমিকা রেখেছে।
তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইরান ঘিরে ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন কোনো পরিবর্তন ঘটলে আন্তর্জাতিক তেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিতে পারে।
