বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমদানিকারকদের জন্য নতুন সুবিধা, এফআরএ ব্যবহারের অনুমতি

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০১:১৪ পিএম আপডেট : ০২ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
বাংলাদেশ ব্যাংক লোগো।
expand
বাংলাদেশ ব্যাংক লোগো।

আমদানিকারকদের ঝুঁকি কমাতে বড় সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশি মুদ্রায় সরবরাহকারী বা ক্রেতা ঋণের মাধ্যমে আমদানিকারকদের সুদের হার ওঠানামার ঝুঁকি কমাতে নতুন একটি আর্থিক পণ্য ফরওয়ার্ড রেট অ্যাগ্রিমেন্ট (এফআরএ) ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো নির্ধারিত শর্তসাপেক্ষে আমদানিকারকদের সঙ্গে চুক্তি করতে পারবে।

বৃহস্পতিবার (২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এফআরএ শুধুমাত্র সুদের হারজনিত ঝুঁকি হেজিংয়ের জন্য ব্যবহার করা যাবে। কোনো ধরনের জল্পনামূলক, লিভারেজভিত্তিক বা ঝুঁকিবিহীন অবস্থান গ্রহণ করা যাবে না।

সার্কুলার অনুযায়ী, যেসব আমদানিকারক বৈধভাবে সাপ্লাইয়ার বা বায়ার্স ক্রেডিটের আওতায় ঋণ নিয়েছেন, তারা ঋণের ভাসমান সুদের হার অংশের ঝুঁকি মোকাবিলায় এফআরএ ব্যবহার করতে পারবেন।

যেভাবে কাজ করবে এফআরএ

এফআরএ একটি ন্যাশনাল চুক্তি, যার মাধ্যমে ভবিষ্যৎ সময়ের জন্য একটি নির্দিষ্ট সুদের হার আগেই নির্ধারণ করা হবে। তবে এ চুক্তির আওতায় মূল ঋণের কোনো পরিশোধ হবে না। কেবল চুক্তিকৃত সুদের হার এবং সংশ্লিষ্ট সময়ের প্রকৃত SOFR (Secured Overnight Financing Rate)-এর পার্থক্যের ভিত্তিতে অর্থ নিষ্পত্তি হবে।

দেশে পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশি মুদ্রায় (টাকা) এবং বিদেশি নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রায় লেনদেন সম্পন্ন করা যাবে। তবে নোশনাল অর্থের পরিমাণ কখনোই মূল ঋণের পরিমাণ অতিক্রম করতে পারবে না।

ব্যাংকগুলোর জন্য কঠোর শর্ত

বাংলাদেশ ব্যাংক বলেছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো নিজেদের হিসাবে কোনো বাজার ঝুঁকি রাখতে পারবে না। একই দিনে দেশীয় বা বিদেশি প্রতিপক্ষের সঙ্গে ব্যাক-টু-ব্যাক (Back-to-Back) হেজিংয়ের মাধ্যমে ঝুঁকি সমন্বয় করতে হবে।

এফআরএ লেনদেনে ব্যাংকগুলোর মূল্য নির্ধারণজনিত (Pricing Spread) মার্জিন সর্বোচ্চ ১০ বেসিস পয়েন্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।

এছাড়া ব্যাংকের মোট FRA দায় (Notional Outstanding) গত ১২ মাসের গড় মাসিক বৈদেশিক মুদ্রা প্রবাহের ২৫ শতাংশের বেশি হতে পারবে না।

আগাম বাতিলের সুযোগ

কোনো আমদানিকারক মেয়াদপূর্তির আগেই FRA বাতিল করতে চাইলে প্রচলিত বাজারদরের ভিত্তিতে চুক্তি নিষ্পত্তি করতে হবে। এ ক্ষেত্রে চুক্তিকৃত সুদের হার ও বাজার সুদের হারের পার্থক্য অনুযায়ী নেট অর্থ পরিশোধ করা হবে। পুরো প্রক্রিয়ার নথি সংরক্ষণ এবং গ্রাহকের লিখিত সম্মতি বাধ্যতামূলক।

ডকুমেন্টেশন ও ঝুঁকি ব্যবস্থাপনা

সার্কুলারে বলা হয়েছে, FRA চুক্তি আন্তর্জাতিক মানের ISDA বা সমমানের ডকুমেন্টেশনের আওতায় সম্পন্ন করতে হবে। টার্মশিটে অন্তর্নিহিত ঋণ, নির্ধারিত সুদের হার, মেয়াদ, নোশনাল পরিমাণ, ঝুঁকির বিবরণ এবং নিষ্পত্তি পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

এছাড়া প্রতিদিন সব এফআরএ এর Mark-to-Market (MTM) মূল্যায়ন করতে হবে এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (IFRS) অনুসরণ করতে হবে।

গ্রাহক সুরক্ষা ও তদারকি

বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে, গ্রাহককে FRA-এর কাঠামো, ঝুঁকি ও MTM-এর প্রভাব বিস্তারিতভাবে বুঝিয়ে দিতে হবে এবং টার্মশিটে স্বাক্ষরের মাধ্যমে তা নিশ্চিত করতে হবে।

প্রকৃত আমদানি-সম্পর্কিত ঝুঁকি (Underlying Exposure) ছাড়া কোনো গ্রাহককে FRA সুবিধা দেওয়া যাবে না। বিভ্রান্তিকর তথ্য, ভুল পরামর্শ বা পর্যাপ্ত ঝুঁকি প্রকাশ না করার কারণে গ্রাহকের ক্ষতি হলে সংশ্লিষ্ট ব্যাংক ও কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়া হতে পারে।

ব্যাংকগুলোকে FRA সংক্রান্ত সব নথি, মূল্যায়ন, নিষ্পত্তির তথ্য এবং ঝুঁকি ব্যবস্থাপনার রেকর্ড সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে পরিচালনা পর্ষদ অনুমোদিত ডেরিভেটিভ নীতি, অভ্যন্তরীণ নিরীক্ষা এবং প্রয়োজনীয় দক্ষ জনবল নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন বাধ্যতামূলক

প্রত্যেক FRA লেনদেন সংশ্লিষ্ট সপ্তাহের শেষ কার্যদিবসে বাংলাদেশ ব্যাংকের Foreign Exchange Policy Department (FEPD-1)-এ নির্ধারিত ফরম্যাটে জানাতে হবে। পাশাপাশি প্রতি মাস শেষে সমন্বিত মাসিক প্রতিবেদনও দাখিল করতে হবে।

এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে সুদের হার ওঠানামার কারণে আমদানিকারকদের আর্থিক ঝুঁকি কমানোর পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থাপনায় আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup