

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল ২০২৬ ফিফা বিশ্বকাপে ফ্রান্সকে অন্য দলগুলোর তুলনায় এগিয়ে রাখতে রাজি নন। ফরাসিদের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করলেও নিজেদেরই ফেভারিট হিসেবে দেখছেন না বার্সেলোনার এই ফরোয়ার্ড।
স্প্যানিশ গণমাধ্যম এল পারতিদাজো দে কোপে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ফ্রান্সকে ভয় পাওয়ার কোনো কারণ নেই স্পেনের। তার বিশ্বাস, নকআউট পর্বে নিজেদের সেরাটা খেলতে পারলে যেকোনো প্রতিপক্ষকে হারানো সম্ভব।
ফ্রান্সকে নিয়ে নিজের মূল্যায়নে ইয়ামাল বলেন, ‘ইউরোর পর থেকে তারা আমাদের হারাতে পারেনি। তাই তারা আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে এটা আমি মনে করি না।’
গ্রুপ পর্বের পারফরম্যান্স নকআউটে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। ইয়ামালের ভাষায়, ‘গ্রুপ পর্বের হিসাব এখন আর গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে এই ম্যাচে কোনো দলই স্পষ্ট ফেভারিট নয়। ফ্রান্স অবশ্যই দারুণ ছন্দে রয়েছে এবং উচ্চমানের ফুটবল খেলছে। তাদের দলে অসাধারণ সব খেলোয়াড় আছে, কিন্তু তাই বলে তারা অন্য সবার চেয়ে এগিয়ে, এমনটা আমি বিশ্বাস করি না।’
বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আত্মবিশ্বাসী কণ্ঠে ইয়ামাল বলেন, ‘আমার মনে হচ্ছে, এবার বিশ্বকাপটা আমরাই জিতব।’
এবারের বিশ্বকাপে স্পেনের যাত্রা শুরু হয়েছিল কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ায় দলটি। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে স্পেন।
পুরোপুরি ফিট না থাকায় প্রথম ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ইয়ামাল। তবে এখন তিনি পুরোপুরি প্রস্তুত। আগামী ৩ জুলাই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্পেন।

