সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রায়ত্ত ব্যাংক: নতুন শর্তে এমডি হওয়ার পথে বিতর্কিতরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম আপডেট : ২৯ জুন ২০২৬, ০৬:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে প্রতিযোগিতার চিত্রই বদলে দিয়েছে ডিএমডি হিসেবে দুই বছরের অভিজ্ঞতার শর্ত। এতে এমডি হওয়ার দৌঁড়ে রয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি পাওয়া বিতর্কিত কর্মকর্তারা।

অন্যদিকে সরকার পরিবর্তনের পর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হওয়া কর্মকর্তারা যোগ্যতা থাকা সত্ত্বেও বর্তমান নিয়োগ প্রক্রিয়ার বাইরে চলে গেছেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ইতিমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে ডিএমডি পদে অন্তত দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন ১৯ কর্মকর্তার একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা থেকেই সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে নতুন এমডি নিয়োগ দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিয়োগ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা নতুন নীতিমালা। এতে বলা হয়েছে, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতির জন্য প্রার্থীদের ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতাসহ নবম গ্রেড থেকে ন্যূনতম ২০ বছরের কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে। আগের নীতিমালায় ডিএমডি থেকে এমডি পদে পদোন্নতির ক্ষেত্রে এমন দুই বছরের বাধ্যতামূলক অভিজ্ঞতার শর্ত ছিল না।

খাত সংশ্লিষ্টরা বলেছেন, এই পরিবর্তনের ফলে সরকার পতনের পর ডিএমডি হওয়া কর্মকর্তারা বর্তমান এমডি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। বিপরীতে, আওয়ামী লীগ সরকারের সময় ডিএমডি পদে উন্নীত কর্মকর্তারাই এখন এমডি হওয়ার যোগ্যতার তালিকায় রয়েছেন।

ব্যাংক কর্মকর্তাদের একাংশের মতে, নীতিমালার এই পরিবর্তন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রকে সংকুচিত করেছে। তাদের অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় অতীতে যাঁরা দ্রুত পদোন্নতি পেয়েছেন, তাঁরাই এখন নতুন শর্তের কারণে সুবিধাজনক অবস্থানে আছেন। আর রাজনৈতিক সংযোগের অভাবে যাঁরা যথাসময়ে ডিএমডি হতে পারেননি, তাঁরা এখন এমডি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত তালিকায় থাকা কর্মকর্তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে তথ্য যাচাই শুরু হয়েছে। মন্ত্রণালয় দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায়।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। সরকার পরিবর্তনের পর বিভিন্ন খাতে সংস্কার শুরু হলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন আসেনি।

ব্যাংকারদের মতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে এখন শুধু নতুন এমডি নিয়োগ করলেই হবে না, বরং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, যোগ্যতার ক্ষেত্রে ন্যায্যতা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। কারণ এসব ব্যাংক সরকারের উন্নয়নমুখী অর্থায়ন, আমানতকারীর আস্থা এবং ঋণ শৃঙ্খলার সঙ্গে সরাসরি যুক্ত। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সম্প্রতি বলেন, দেশের উন্নয়নে ব্যাংকাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং এই খাত যোগ্য নেতৃত্ব দ্বারা পরিচালিত হওয়া উচিত। তিনি আরও বলেন, আগের সরকারের সময়ে অনেক এমডি তদবির করে শীর্ষ পদে অবস্থান নিয়েছিলেন বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা শুনেছেন।

নতুন এমডি নিয়োগের বিষয়ে তিনি বলেন, এটি অর্থ মন্ত্রণালয়ের বিষয়; সরকার চাইলে পরিবর্তন করতে পারে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে স্বচ্ছতার ভিত্তিতে এমডি নিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন বলে জানান আরিফ হোসেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup