শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদকে ঘিরে প্রবাসী আয়ে চাঙা অর্থনীতি, বাড়ছে রিজার্ভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৭:৪৯ পিএম
বাংলাদেশ ব্যাংক লোগো
expand
বাংলাদেশ ব্যাংক লোগো

ঈদকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো অর্থপ্রবাহ বেড়ে যাওয়ায় দেশের রেমিট্যান্স আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক গতি দেখা দিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.২২ বিলিয়ন ডলার। আইএমএফের বিপিএম–৬ হিসাব অনুযায়ী এই রিজার্ভ ২৯.৫২ বিলিয়ন ডলার।

এক বছর আগে একই সময়ে মোট রিজার্ভ ছিল ২৫.৪৪ বিলিয়ন ডলার এবং বিপিএম–৬ অনুযায়ী ২০.৩০ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরে রিজার্ভ প্রায় ৯ বিলিয়ন ডলার বেড়েছে। তবে মোট রিজার্ভের পুরো অংশ ব্যবহারযোগ্য নয় বলে অর্থনীতিবিদরা মনে করেন।

কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ হিসাবে ‘ব্যবহারযোগ্য রিজার্ভ’ বর্তমানে প্রায় ২৬ বিলিয়ন ডলার বলে জানা গেছে। গড়ে মাসে প্রায় ৫ বিলিয়ন ডলারের আমদানি ব্যয় ধরে এই রিজার্ভ দিয়ে প্রায় পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সাধারণভাবে তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভকে নিরাপদ ধরা হয়।

এর আগে গত ৩ মার্চ পর্যন্ত দেশে মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ছিল ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

এদিকে চলতি মার্চের প্রথম ১৪ দিনে দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটির বেশি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২২০ কোটি ৪৪ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ হাজার কোটি টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন