শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে কি না, যা বললেন মির্জা ফখরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৪ পিএম
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ ও বন্ধ রয়েছে এবং তা ভবিষ্যতেও বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) একটি গণমাধ্যমের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের তৎপরতা নিয়ে এসব কথা বলেন।

আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ এবং দলটির সাম্প্রতিক কিছু গোপন তৎপরতা নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত।

বিচ্ছিন্ন কোনো কিছু দেখে রাজনীতি বা গণতন্ত্রের পথ আটকে দিলে সেটি একটি বিকৃত রূপ নিতে পারে। বর্তমানে যারা রাজনীতিতে সক্রিয় আছে, তারা কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।’ তবে আওয়ামী লীগের জন্য সেই পথ বর্তমানে রুদ্ধ বলে তিনি ইঙ্গিত দেন।

আওয়ামী লীগের গোপন বা আচমকা তৎপরতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা (আওয়ামী লীগ) তো কিছু কিছু কাজ করার চেষ্টা করবেই, করছেও। কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। কারণ দেশের মানুষ তাদের চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করে দিয়েছে।’

তিনি মনে করেন, জনসমর্থনহীন কোনো অপতৎপরতা দিয়ে রাজনীতিতে ফিরে আসা সম্ভব নয়।

দলটির বর্তমান আইনি ও রাজনৈতিক অবস্থা নিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের যেহেতু কার্যক্রম এখন নিষিদ্ধ আছে, সেটি বন্ধ আছে এবং বন্ধই থাকবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গণতন্ত্রের সুস্থ ধারার জন্য সঠিক পথে রাজনৈতিক চর্চা জরুরি।

একটি নির্দিষ্ট অপশক্তিকে দূরে সরিয়ে রেখে বাকি দলগুলো যদি নিয়মতান্ত্রিকভাবে কাজ করে, তবেই দেশের রাজনীতির বিকৃতি রোধ করা সম্ভব।

আওয়ামী লীগের দুঃশাসনের পর দেশ এখন এক নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে দলটির কোনো স্থান নেই বলে তিনি মনে করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন