শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া  ফেরত দেওয়া হচ্ছে : মন্ত্রণালয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১০:৩৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে।

এসব অভিযানে একাধিক পরিবহনকে জরিমানা করা হয়েছে এবং আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ফুলবাড়িয়া, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে ২টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে ইলিশ পরিবহন ও যমুনা হাই ডিলাক্সকে এই জরিমানা করা হয়।

এ ছাড়া ধোলাইপাড় এলাকায় যাত্রীচাপ বেশি থাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৪টি পরিবহনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে সায়েদাবাদ এলাকায় তিনটি পরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় ভাড়ার তালিকা না রাখা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তবে এলাকায় যানজট নেই এবং যাত্রীচাপ কমতে শুরু করেছে বলে জানা গেছে। কল্যাণপুর, গাবতলী, হেমায়েতপুর ও সাভার এলাকায় পৃথক অভিযানে ৪টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগের দিন একই এলাকায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

রাজধানীর বাইরে চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায় ৭ হাজার টাকা এবং টাঙ্গাইলের এলেঙ্গায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই দিনে বরিশাল জেলায় পরিচালিত ১টি অভিযানে ১টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনার রূপসা টোল প্লাজা এলাকায় পরিচালিত অভিযানে ৩টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সার্বিকভাবে দেশের বিভিন্ন স্থানে যাত্রা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন