সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৯৭ বারের মতো রিজার্ভ চুরির প্রতিবেদন পেছাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আবারও বাড়ল। এবার ৯৭ বারের মতো প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন।

রোববার (৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি।

পরে আদালত আগামী ১৪ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সুইফট কোড ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অর্থ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে চুরি হওয়া অর্থের একটি বড় অংশ ফিলিপাইনে স্থানান্তরিত হয়।

ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করেছিলেন, বাংলাদেশের ভেতরের একটি চক্রের সহায়তায় অর্থ পাচারের ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের তৎকালীন যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। অর্থপাচার প্রতিরোধ আইনে করা ওই মামলায় তখন কোনো ব্যক্তিকে সরাসরি আসামি করা হয়নি।

মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি সংস্থাটি। এরই মধ্যে একের পর এক সময় নেওয়া হয়েছে এবং এবার ৯৭তম বারের মতো প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে গেল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন