

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কাঁচা মরিচের অস্বাভাবিক দামের লাগাম টানতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামীকাল সোমবার থেকে আমদানির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আমদানি করা মরিচ বাজারে পৌঁছাতে শুরু করলে দুই থেকে পাঁচ দিনের মধ্যে দাম স্বাভাবিক পর্যায়ে আসবে বলে আশা করছে সরকার।
কৃষিমন্ত্রী বলেন, কাঁচা মরিচের বাজার স্থিতিশীল রাখতে দ্রুত কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আমদানির অনুমতি দেওয়ার পাশাপাশি আমদানির ক্ষেত্রে বিদ্যমান কর কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি সরেজমিনে দেখতে রোববার শান্তিনগর বাজার পরিদর্শনে যান সরকারের তিন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
বাজার পরিদর্শনের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি এবং ভোক্তাদের ভোগান্তির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন তারা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।