

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্যক্তি (ইনডিভিজুয়াল) করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে দেশের প্রবীণ, বিশেষ চাহিদাসম্পন্ন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এ বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে।
রোববার (২৮ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত কিছু ব্যতিক্রম ছাড়া দেশের সব ব্যক্তি করদাতাকে এনবিআরের ই-ট্যাক্স পোর্টাল ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে। আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
তবে কিছু শ্রেণির করদাতাকে এই বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে। এদের মধ্যে রয়েছেন, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি (প্রয়োজনীয় সনদপত্র সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা। যদিও এরা চাইলে স্বেচ্ছায় অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআর আরও জানিয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা কারিগরি সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে তিনি সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। পরবর্তীতে অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে ওই করদাতাকে কাগজে (পেপার) রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
সংস্থাটি বলেছে, দেশের করব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন ব্যবস্থার মাধ্যমে করদাতারা ঘরে বসেই নিরাপদ ও দ্রুত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন এবং কর প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে।
এই বিশেষ আদেশ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
