

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ব্যক্তিক হিসাবে ‘অ্যাড মানি’ করার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সাময়িকভাবে প্রথমবার কোনো কার্ড এমএফএস হিসাবে যুক্ত করার সময় ৫০০ টাকার টোকেন লেনদেন বাধ্যতামূলক করা হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশে কার্যরত সকল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংক নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, প্রথমবার কোনো কার্ড এমএফএস ব্যক্তিক হিসাবে সংযুক্ত করার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ টাকার একটি টোকেন লেনদেন করতে হবে। ওই লেনদেন সফলভাবে সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টা পর সংশ্লিষ্ট কার্ডটি এমএফএস হিসাবের সঙ্গে সংযুক্ত করে নিয়মিত লেনদেন করা যাবে।
তবে আগামী ১ আগস্ট থেকে কার্ডধারীর নিজ নামে নিবন্ধিত এমএফএস হিসাব নিশ্চিত হওয়া সাপেক্ষে টোকেন লেনদেন ছাড়াই কার্ড সংযুক্ত করে নিয়মিত ‘অ্যাড মানি’ করা যাবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, কার্ড থেকে এমএফএস হিসাবে ‘অ্যাড মানি’ লেনদেনকে মার্চেন্ট পেমেন্টের পরিবর্তে ফান্ড ট্রান্সফার হিসেবে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে লেনদেনের সময় বেনিফিশিয়ারি ওয়ালেট নম্বর কার্ড-ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছে দৃশ্যমান রাখতে হবে।
আগামী ৩১ জুলাই ২০২৬ এর মধ্যে এসব ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে ১ আগস্ট থেকে কার্ড হতে এমএফএস হিসাবে ‘অ্যাড মানি’ সুবিধা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সার্কুলারে আরও উল্লেখ করা হয়, এমএফএস ব্যক্তিক হিসাবের অন্যান্য লেনদেনের ক্ষেত্রে ২০২৫ সালের ২৭ মার্চ জারি করা পিএসডি সার্কুলার নং-০৫/২০২৫ এর নির্দেশনা বহাল থাকবে।