রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিদেশি বিনিয়োগ আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে আলাপরত ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র শিবলি আলম
expand
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে আলাপরত ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র শিবলি আলম

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

রোববার (১৯ এপ্রিল) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র শিবলি আলম সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের অংশীদারিত্ব, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গড়ে উঠেছে।

এই ঐতিহাসিক সম্পর্ককে বাণিজ্যিক ক্ষেত্রে আরও জোরদার করতে মৎস্য ও প্রাণিসম্পদ খাত একটি সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, ব্রিটিশ বিনিয়োগকারীরা এগিয়ে এলে এ খাতের আধুনিকায়ন ও উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বৈঠকে ম্যানচেস্টারের সিভিক মেয়র শিবলি আলম বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসী ও বিদেশি ব্যবসায়ীদের সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে শোনেন এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের বিষয়ে পূর্ণ আশ্বাস প্রদান করেন। তিনি জানান, সরকার বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে।

দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে একটি ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এই গ্রুপের মাধ্যমে ভবিষ্যতে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রতিমন্ত্রী বিশ্বাস করেন, যৌথ উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বাণিজ্যিক সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন