

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তরুণদের শুধু আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল উন্মাদনায় সীমাবদ্ধ না থেকে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘খালি আর্জেন্টিনা আর ব্রাজিলের লড়াই নিয়ে মেতে থাকলে লাভ হবে না। তাতে পেটে ভাত আসবে না। আসল কাজ হলো নিজেদের এবং অন্য মানুষের আয় বাড়ানোর সুযোগ তৈরি করা।’
শুক্রবার (০৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী চুনিহাড়ী গ্রামে উদ্ভাবক মো. সলেমান আলীর উদ্ভাবিত ‘সলেমান সোলার সেচপাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শুধু ফুটবল নিয়ে মেতে থাকলে জীবনে সাফল্য আসবে না; নিজেদের দক্ষতা বাড়িয়ে আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
তিনি বলেন, নতুন প্রজন্মকে উদ্ভাবন, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের দিকে মনোযোগ দিতে হবে। পাশাপাশি এমন ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে, যাতে কাউকে পরিবারের ওপর বোঝা হয়ে থাকতে না হয় বা জীবিকার জন্য জমি বিক্রি করতে না হয়।
দেশীয় উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেন, উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি সৌরচালিত সেচপাম্প বাংলাদেশের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। কৃষকদের সেচ ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণে এ ধরনের প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, ‘সলেমান আমাদের দেশের গর্ব। তরুণ প্রজন্মের জন্য তিনি একটি অনুকরণীয় উদাহরণ। এ ধরনের উদ্ভাবনকে উৎসাহিত করা গেলে দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন।’
সরকারের পক্ষ থেকে এ ধরনের দেশীয় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
এর আগে অনুষ্ঠানে মির্জা ফখরুল সোলার সেচপাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্ভাবক মো. সলেমান আলীর সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় সলেমান আলী বলেন, বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহার করে স্বল্প খরচে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই তার লক্ষ্য। সরকারি সহযোগিতা পেলে এ প্রযুক্তি দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

