

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটে মাজার ব্যবস্থাপনা ও বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের পর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে প্রজ্ঞাপনে তার প্রত্যাহারের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে গত ১৮ জুন থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছিল।
এদিকে সন্ধ্যায় সদ্য বিদায়ী সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, ‘বদলি কারণে-অকারণে হতে পারে। সরকার যখন যেখানে যাকে দিয়ে কাজ করাতে চায় সেখানেই যেতে হবে। একটি ভালো কাজ শুরু করেছিলাম, শেষ করা গেলো না। অনেকের পেটে হাত পড়ায় তারা এর বিরুদ্ধাচরণ করেছে।’
জানা যায়, সাম্প্রতিক সময়ে সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের দান ব্যবস্থাপনা নিয়ে নেওয়া কিছু প্রশাসনিক উদ্যোগ নিয়ে আলোচনা তৈরি হয়। এর মধ্যে দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন এবং ঐতিহাসিক ‘দানের ডেগ’ সিলগালা করার ঘটনা সমালোচনার জন্ম দেয়।
প্রসঙ্গত, গত বছরের ১৮ আগস্ট সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পান মো. সারওয়ার আলম। এর আগে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
