শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যন্ত হাওরাঞ্চলের স্কুলে ক্লাস নিয়ে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০১:২০ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকাম পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন
expand
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকাম পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন

শিক্ষার দিক দিয়ে দেশের সব জেলা থেকে পিছিয়ে রয়েছে হাওরের জেলা সুনামগঞ্জ। ফলে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও এই জেলার শিক্ষার্থীদের সমস্যা যাচাই করতে সুনামগঞ্জ যান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সেখানে তিনি পৌর শহরের পি টি আই স্কুল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরেই রওনা দেন একদম প্রান্তিক পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শনে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পিটিআই স্কুল পরিদর্শন শেষে রওনা হন তাহিরপুর উপজেলায়। সেখান থেকে স্পিডবোটে করে ওই উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহাগঞ্জ, সোলেমানপুর ও পাঠাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর শ্রীপুর ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

বিদ্যালয় পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নিজেই শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের পাঠদান করেন। তিনি বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্মশিক্ষা বিষয়ে ক্লাস নেন। পাশাপাশি শিক্ষার্থীদের রিডিং ও রাইটিং দক্ষতা যাচাই করেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় শিক্ষকদের পাঠদানে কিছু ত্রুটি-বিচ্যুতি লক্ষ্য করে প্রতিমন্ত্রী আগামী এক মাসের মধ্যে হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। সেইসঙ্গে শিক্ষার মান উন্নয়নে সবাইকে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি এক মাসের মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন না এলে শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।

তবে ঢাকা থেকে গিয়ে একদম দুর্গম উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান করানোর বিষয়টি এরইমধ্যে নজর কেড়েছে জেলাবাসীর।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক, সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া প্রমুখ।

সুনামগঞ্জের সচেতন কমিটির (সনাক) সদস্য খলিল রহমান বলেন, এই হাওর এলাকায় শিক্ষার মান উন্নয়নে কেউ তেমন ভূমিকা রাখেনি। তবে প্রতিমন্ত্রী নিজেই প্রান্তিক পর্যায় ঘুরে দেখেছেন, কোন বিদ্যালয়ে কি সমস্যা সেটাও তিনি বুঝতে পেরেছেন। আশা করি সকল সমস্যা তিনি সমাধান করবেন।

উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহাগঞ্জ গ্রামের বাসিন্দা আলীনূর বলেন, একজন মন্ত্রী এসে আমাদের গ্রামের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস করিয়েছেন বিষয়টি সত্যি অনেক ভালো লেগেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন