সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোজার আগেই লেবুর দামে আগুন, হালিতে শতকের ঘর

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম
লেবু গাছ
expand
লেবু গাছ

আগামীকাল বৃহস্পতিবার দেশে শুরু হচ্ছে পবিত্র রমজান। এ সময় অন্যান্য নিত্যপণ্যের মতো লেবুর চাহিদাও বেড়ে যায়। তবে রমজান শুরুর আগমুহূর্তে সিরাজগঞ্জে লেবুর দাম দুই সপ্তাহের ব্যবধানে প্রায় চারগুণ বেড়েছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, সামনে দাম আরও বাড়তে পারে।

সিরাজগঞ্জের বিভিন্ন বাজার ও অলিগলির ভ্রাম্যমাণ ভ্যানে এখন ৬০-৭০ টাকার কমে ছোট এক হালি লেবু পাওয়া যাচ্ছে না। মাঝারি ও বড় সাইজের লেবুর হালি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। কোথাও কোথাও বড় লেবুর হালিপ্রতি দাম চাওয়া হচ্ছে ১২০ টাকা, যদিও দরদাম করে অনেকেই ১০০ টাকায় কিনছেন।

আড়তের কাঁচাপণ্য ব্যবসায়ীরা জানান, মাত্র দুই সপ্তাহ আগে লেবুর হালি ছিল ২০ থেকে ৩০ টাকা। গত শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ৫০-৬০ টাকায়। বর্তমানে সর্বনিম্ন ৬০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের বড়বাজার ঘুরে দেখা যায়, প্রতি পিস লেবু ৩০ টাকা চাইছিলেন বিক্রেতা রাশেদ মিয়া। পরে দরদাম করে এক ক্রেতা দুটি লেবু ৫০ টাকায় কেনেন। রাশেদ মিয়া বলেন, কিছুদিন আগেও যে দামে এক ডজন লেবু পাওয়া যেত, এখন সেই দামে এক হালিও মিলছে না। পাইকারিতে বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

বিক্রেতাদের দাবি, রমজান ঘিরে বাড়তি চাহিদার প্রভাবেই দাম বেড়েছে। ইফতারে লেবুর শরবত ধনী-গরিব সবার ঘরেই জনপ্রিয়। তবে রমজান শুরুর আগেই এমন দাম নিম্নআয়ের মানুষের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে।

ক্রেতা লিমন হোসেন বলেন, এক হালি লেবুর দাম ৮০ টাকা বলেও পাইনি। তাই না কিনেই ফিরে যেতে হয়েছে। ভাবছিলাম রোজার আগে কিনে রাখব, কিন্তু দাম আরও বাড়বে কিনা সেই চিন্তাও আছে।

তবে বাজারে সরবরাহ সংকটের স্পষ্ট চিত্র দেখা যায়নি। বেশিরভাগ দোকানেই বিভিন্ন ধরনের লেবু মজুত রয়েছে। ছোট পাতি লেবুর হালি ৬০ টাকা, আর বড় আকারের লম্বাকৃতির লেবুর দাম ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।

একজন সবজি বিক্রেতা জানান, অনেক চাষি রমজানে বেশি দামের আশায় এখনো পুরোপুরি লেবু বাজারে ছাড়ছেন না। আবার পাইকারি ব্যবসায়ীরাও কিছু লেবু সংরক্ষণ করছেন, কারণ এ পণ্য কয়েকদিন ভালো রাখা যায়। ব্যবসায়ীদের ধারণা, রমজানের শুরুতেই লেবুর দামে নতুন রেকর্ড গড়তে পারে বাজার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন