

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেরপুরের নকলায় নিজ সেচ পাম্পের বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের পোলাদেশি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার কুবেদ আলীর ছেলে আঙ্গুর মিয়া (৫০) ও একই এলাকার মিরাজ আলীর ছেলে মিন্টু মিয়া (৫৫)। আর গুরুতর আহত আব্দুস সামাদের ছেলে ছামিদুল হক (৫০)।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, স্থানীয় কৃষক ছামিদুল হক তার সেচ পাম্পের বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হন। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন প্রতিবেশী মিন্টু ও আঙ্গুর মিয়া। পরে আশপাশের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিন্টু ও আঙ্গুর মিয়াকে মৃত ঘোষণা করেন। আর উন্নত চিকিৎসার জন্য দ্রুত ছামিদুল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মালিহা নুজাত বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন