বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে প্যানা টাঙানোর ঘটনায় চাঞ্চল্য

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম
নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙানো
expand
নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙানো

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যশোর জেলা কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি প্যানা টাঙানোর ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর কে বা কারা ভবনের দোতলায় প্যানাটি টাঙিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি অপসারণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের গাড়িখানা রোডে স্পন্দন কালারল্যাব নামক প্রতিষ্ঠানের ওপরের তলায় অবস্থিত আওয়ামী লীগ জেলা কার্যালয়ের দোতলার ব্যালকনিতে প্যানাটি টাঙানো দেখা যায়। সন্ধ্যার পরপরই সেখানে উৎসুক জনতার ভিড় জমে।

কার্যালয়ের নিচে ফুটপাতে কুল বিক্রেতা মাহমুদ বলেন, সন্ধ্যার দিকে কিছু লোক অফিসের দিকে তাকিয়ে থাকতে দেখেন তিনি। পরে লক্ষ্য করেন দোতলার ব্যালকনিতে ছোট একটি প্যানা টাঙানো রয়েছে, যেখানে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ছিল। তিনি বলেন, “দোতালায় ওঠার পথ দীর্ঘদিন বন্ধ। কীভাবে সেখানে উঠলো, তা আমার জানা নেই।”

গাড়িখানা বেকারির কর্মচারী ইমন জানান, তিনিও দেখেননি কে বা কারা প্যানাটি টাঙিয়েছে। লোকজন ভিড় করতে শুরু করলে তিনি ওপরের দিকে তাকিয়ে প্যানাটি দেখতে পান।

ঘটনাস্থলে উপস্থিত যশোর কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তারা প্যানাটি অপসারণ করেন। পাশের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কার্যালয় থেকে বড় মই এনে কর্মচারীদের সহায়তায় ভবনে উঠে প্যানাটি নামানো হয়।

কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ বলেন, “আওয়ামী লীগ কার্যালয়ে প্যানা টাঙানোর সংবাদ পেয়েছি। পুলিশ পাঠিয়ে সেটি অপসারণ করা হয়েছে। কে বা কারা প্যানাটি টাঙিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতার হামলায় আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগানো হয়। এরপর থেকে ভবনটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X