সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে ধানের শীষে অবৈধ সিল: তিন বছরের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

শেরপুরে ধানের শীষ প্রতীকে অবৈধভাবে সিল মারা, ব্যালট ছিনতাই ও অবৈধ ভোট দেওয়ার দায়ে বিএনপির এক সমর্থককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভুঁইয়া এ রায় দেন। একই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে লাঙ্গল প্রতীকের এক এজেন্টকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার নলবাইদ এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মো. মাসুদ মিয়া (৩৫)।

পুলিশ ও নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সকাল ৯টা ৫০মিনিট থেকে ১১টা ৫মিনিট পর্যন্ত শেরপুর-১ (সদর) আসনের নলবাইদ দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিএনপির মনোনীত প্রার্থীর কয়েকজন সমর্থক ভোট কেন্দ্র দখল করে প্রতিদ্বন্দ্বী এজেন্টদেরকে বের করে দিয়ে অবৈধভাবে ভোট দেয়া শুরু করেন এবং ধানের শীষ প্রতীক সম্বলিত অবৈধ সিল মারা ২৬ টি ব্যালট পেপার নির্ধারিত বক্সে ফেলেন। এছাড়া শতাধিক ব্যালট পেপারে সিল মারা হলেও সেগুলো বাক্সে ফেলার আগেই জব্দ করা হয়।

খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর টহল দল কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে মাসুদ মিয়াকে আটক করা হয়। পরে তাকে সংক্ষিপ্ত বিচারিক আদালতে হাজির করা হলে আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।

একই সময়ে লাঙ্গল প্রতীকের এজেন্ট মো. বেলাল হোসেন (৪৮) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই হাজার টাকা জরিমানা ক‌রে আদালত। তিনি নলবাইদ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন