রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে দৌড়’ কর্মসূচি 

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৭:১২ পিএম
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে দৌড়’ কর্মসূচি
expand
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে দৌড়’ কর্মসূচি

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে দৌড়’ শীর্ষক ম্যারাথন আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখা।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকার আল কুরআন একাডেমি থেকে ম্যারাথনটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকা হয়ে খুলনা রোড মোড়ে অবস্থিত শহীদ আসিফ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ম্যারাথনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকার পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে বিভিন্ন উক্তি, ফ্যাসিবাদবিরোধী সচেতনতামূলক লেখা সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন ছিল। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে ম্যারাথনের পুরো পথ।

সাতক্ষীরা শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মেহেদী হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাতক্ষীরা জেলা সভাপতি মাওলানা রুহুল আমিন, সাবেক শহর সভাপতি অ্যাডভোকেট আবু তালেব ও আনিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী।

সমাবেশে মেহেদী হাসান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক অর্জন।’ তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তঝরা ত্যাগ ও চেতনাকে ধারণ করে তরুণ সমাজকে অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য একটি মহান আমানত। তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে ফ্যাসিবাদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম এবং সৎ নাগরিক গড়ার কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি।

কর্মসূচিতে শহর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, কলেজ কার্যক্রম, মিডিয়া ও তথ্য সম্পাদক মো. মাসুদ রানা, মানবসম্পদ ও গবেষণা সম্পাদক ইমরান হোসেন আফজাল, সমাজসেবা ও ফাউন্ডেশন সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, দাওয়াহ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক মো. মাসুদুজ্জামান, এইচআরডি, পাঠাগার, ব্যবসায় শিক্ষা ও ছাত্র অধিকার সম্পাদক মো. রফিকুল ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক মো. আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. হাসানুল বান্না, সহকারী সমাজসেবা সম্পাদক বিল্লাল হোসেন এবং সহকারী এইচআরডি সম্পাদক হাফেজ রাসেল হুসাইন।

এ ছাড়া সিটি কলেজ সভাপতি মোল্ল্যা ইব্রাহীম খলিলুল্লাহ, আগরদাঁড়ী মাদ্রাসা থানা সভাপতি মো. মুহিব্বুল্লাহ, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি জিয়াউর রহমান ফাহিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ম্যারাথন ও সমাবেশে অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank