সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এক বছরেই বাংলাদেশের চেহারা পাল্টে দেওয়া হবে: সাদিক কায়েম

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম
শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে জামায়াত মনোনীত সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভায় সাদিক কায়েম
expand
শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে জামায়াত মনোনীত সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভায় সাদিক কায়েম

আগামীতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ বিনির্মাণ হবে, মাত্র এক বছরের মধ্যে সেই বাংলাদেশের চেহারা পাল্টে দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

তিনি বলেন, জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে, যেখানে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে জামায়াত মনোনীত সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

বক্তব্যে সাদিক কায়েম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি 'হ্যাঁ' ভোটের মাধ্যমে ৫৪ বছরের মাফিয়া শাসন ও অনিয়মের অস্তিত্ব বিপন্ন হবে। অন্য একটি রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, জুলাই পরবর্তী সময়ে যারা অভ্যন্তরীণ সংঘর্ষে শতাধিক নেতাকর্মী হারিয়েছে, তারা কীভাবে দেশের মানুষকে নিরাপত্তা দেবে? তারা পারবে না। কিন্তু জামায়াতে ইসলামী মানুষের পাশে থেকে নিরাপত্তার হাত বাড়িয়েছে।

তিনি আরও প্রতিশ্রুতি দেন, জামায়াত সরকার গঠন করলে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং সামগ্রিক পরিস্থিতির উন্নয়ন ঘটবে।

সাদিক কায়েম অভিযোগ করেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের আমলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তিনি বলেন, বিগত সময়ে সাতক্ষীরায় ব্যাপক নির্যাতন হয়েছে। আমরা ইনসাফ কায়েম করতে চাই। এ সময় তিনি সাতক্ষীরার চারটি আসনেই জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। বক্তব্যের শুরুতে তিনি শরীফ ওসমান হাদীর বিচারের দাবিতে স্লোগান দেন।

শ্যামনগর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এইচ এম আব্দুল হালিম। তিনি বলেন, জামায়াতের নির্বাচনী ইশতেহার অত্যন্ত বাস্তবসম্মত ও বিজ্ঞানভিত্তিক। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াত বদ্ধপরিকর। আসন্ন নির্বাচনে দেশের মানুষ দুর্নীতিবাজ ও দখলদারদের প্রত্যাখ্যান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনসভায় শ্যামনগরের উপকূলীয় এলাকার নানা সমস্যার কথা তুলে ধরা হয়। বক্তারা নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা, রেললাইন স্থাপন এবং সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশের দাবি জানান। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াত নেতা ড. খলিলুর রহমান মাদানী, জকসুর এজিএস মাসুদ রানা, খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, রাবি শিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন