বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত-বিএনপি-জাপার প্রার্থীর সঙ্গে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:০৭ এএম
স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী
expand
স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী

প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। সারাদেশ মেতে উঠেছে নির্বাচনী লড়াইয়ে। উত্তরের জেলা রংপুরে নির্বাচনী আমেজের ভিন্ন মাত্রা যোগ হয়েছে তৃতীয় লিঙ্গের একজন স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবারের নির্বাচনেও অংশগ্রহণ করেছেন স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। গত নির্বাচনে “ঈগল” প্রতীকে অংশ নেওয়া রানী এবার পেয়েছেন তাঁর পছন্দের প্রতীক হরিণ।

প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে নগরীর বিভিন্ন এলাকায় তাঁকে প্রচারণা করতে দেখা যায়।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানের কাছ থেকে এ প্রতীক গ্রহণ করেন তিনি।

রংপুর-৩ (সিটি করপোরেশন–সদর) আসন থেকে দ্বিতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন ‘ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থা’র সভাপতি আনোয়ারা ইসলাম রানী। এই আসনে রানী হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও আসনটির মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের (লাঙ্গল), বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু (ধানের শীষ), জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহবুবার রহমান বেলাল (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা), বাসদের আব্দুল কুদ্দুস (মই)-এর সঙ্গে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারা ইসলাম রানী “ঈগল” প্রতীক নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে আনোয়ারা ইসলাম রানী ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন।

নির্বাচনী প্রচারণা নিয়ে আনোয়ারা ইসলাম রানী বলেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই শুরু করলাম সমাজে অবহেলিত মানুষের হাত ধরে।

আমি যেমন অবহেলার বাস্তবতা জানি, তেমনি আমার মতোই অবহেলিত রবি দাস জনগোষ্ঠীর মানুষদের সঙ্গে নিয়েই এই পথচলা। এই লড়াই মর্যাদা, অধিকার ও সমতার।

এবারের নির্বাচনে হরিণ প্রতীক পেয়ে রানী বলেন, হরিণ প্রতীক পেয়ে আমি খুবই খুশি ও আনন্দিত। দলিত, হরিজন, আদিবাসী, তৃতীয় লিঙ্গ, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ, সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এখানে আমাকে সমর্থন জানাতে এসেছেন। আমি তাঁদের প্রতিনিধি। তাঁরা স্বাধীনতার ৫৪ বছর ধরে নিরীহ হিসেবে বঞ্চিত হয়ে আসছেন। এই নিরীহতার প্রতীক হলো হরিণ। আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসেবে সংসদে যেতে চাই। তাঁদের অধিকার নিয়ে কথা বলতে চাই। তাঁদের মর্যাদা আদায় করতে চাই।

নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনে সংশয় আছে, তারপরও নির্বাচনের কার্যক্রম এগিয়ে চলছে। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। রংপুরবাসী নির্বাচনে সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জাতীয় সংসদের সংসদীয় আসন-২১ রংপুর-৩ আসনটি সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত। দীর্ঘদিন আসনটি একতরফাভাবে জাতীয় পার্টির দখলে ছিল। এই আসনে দেশের বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়ে রানীর অংশগ্রহণে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত চালানো যাবে।

আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ একসঙ্গে সম্পন্ন হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন