

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এনপিবি নিউজের রাজবাড়ী জেলা প্রতিনিধি সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিক মো. আকাশ মাহমুদ। তিনি এনপিবি নিউজের রাজবাড়ী জেলা প্রতিনিধি এবং কালের কণ্ঠ-এর রাজবাড়ী জেলা (মাল্টিমিডিয়া) রিপোর্টার।
আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আকাশ মাহমুদ জানান, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র দুর্ব্যবহার করে। এ ঘটনার পর শনিবার বিকেলে ছাত্র প্রতিনিধিরা বিষয়টি নিয়ে মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সঙ্গে কথা বলতে যান। এ সময় চালকদের একটি দল ছাত্র প্রতিনিধিদের ওপর হামলা চালায়।
তিনি বলেন, হামলার ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা তার ওপরও চড়াও হয়। একপর্যায়ে তার মোবাইল ফোন থেকে ধারণ করা ভিডিও মুছে ফেলে তাকে আবারও মারধর করা হয়। পরে তিনি দৌড়ে সেখান থেকে প্রাণে রক্ষা পান।
আহত সাংবাদিক সাগর শিকদার অভিযোগ করেন, মৈশালা-লাঙ্গলবাধ সড়কে ইজিবাইক চালকদের একটি সিন্ডিকেট রয়েছে। গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে তাদের দুর্ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে শনিবার বিকেলে তারা চালকদের সঙ্গে কথা বলতে গেলে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে একজন সাংবাদিকসহ ১০ থেকে ১২ জন আহত হন।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত সাংবাদিক আকাশ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


