

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পিরোজপুর সফরকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি জোরেশোরে চলছে। গত তিনদিন ধরে প্রায় ৩৫ থেকে ৪০ জন শ্রমিক বিরামহীনভাবে কাজ করছেন দাঁড়িপাল্লার আদলে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপন, আলোকসজ্জা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাপনায়।
আয়োজকরা জানিয়েছেন, পিরোজপুর জেলার সাতটি উপজেলাসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে এ জনসভায়।
আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের।
আজ বৃহস্পতিবার বিকেলে জনসভাস্থল পরিদর্শন করেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। এ সময় তিনি প্রস্তুতির সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জনসভায় আরও উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আক্তার মিতুসহ ১১ দলীয় জোটের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, “আগামীকাল আমাদের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান পিরোজপুরে শুভ আগমন করবেন। আমরা আশা করছি এ জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি থাকবে। প্রস্তুতির কাজ আজকের মধ্যেই সম্পন্ন হবে। ইনশাআল্লাহ, জনসভাটি সফল ও স্বার্থক হবে। পিরোজপুরবাসীর জন্য তিনি নতুন বার্তা নিয়ে আসবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।”
মন্তব্য করুন
