বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাঁস মেরে ফেলার অভিযোগ দুই কুকুরকে পিটিয়ে হত্যা

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

পটুয়াখালীতে হাঁস মেরে ফেলার অভিযোগ তুলে দুটি পোষা কুকুরকে রশিতে বেঁধে পিটিয়ে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা বাজার-সংলগ্ন খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রশিতে বাঁধা অবস্থায় দুটি কুকুরকে লাঠি দিয়ে মাথায় ও শরীরে একের পর এক আঘাত করছেন দুই ব্যক্তি। পালানোর চেষ্টা করলেও বাঁধা থাকায় কুকুর দুটি রক্ষা পায়নি এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে মারা যায়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, নিহত কুকুর দুটির মালিক ছিলেন এলাকার এক চা-দোকানি জাহাঙ্গীর প্যাদা। এর কিছুদিন আগে একই এলাকার বাসিন্দা মনজু হাওলাদারের পালিত ছয়টি হাঁসের ওপর কিছু বেওয়ারিশ কুকুর হামলা চালায়।

এই ঘটনার জন্য জাহাঙ্গীর প্যাদার কুকুর দুটিকে দায়ী করে তিন হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন মনজু হাওলাদার। জাহাঙ্গীর সেই দাবি প্রত্যাখ্যান করলে মনজু হাওলাদার ও তাঁর চাচাতো ভাই জহির হাওলাদার কুকুর দুটিকে ধরে এনে তাঁর সামনেই রশিতে বেঁধে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ।

জাহাঙ্গীর প্যাদা (৫০) জানান, প্রায় চার বছর ধরে তিনি কুকুর দুটি লালনপালন করছিলেন এবং নিয়মিত ভ্যাকসিনও দিতেন। তাঁর দাবি, হাঁসে হামলার দিন কুকুর দুটি বাড়িতেই ছিল বিষয়টি মনজু হাওলাদারকে জানানো হলেও তিনি তা আমলে নেননি।

অভিযুক্ত মনজু হাওলাদার (৩৫) ও জহির হাওলাদারের (৩৭) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিষয়টি তাঁরা অবগত হয়েছেন এবং খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট থানাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন