বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৪:২২ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের ভূঁইয়া কান্দা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. জাহাঙ্গীর হাওলাদার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই গ্রামের আক্কেল আলী হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ওই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন রাঙ্গাবালী থানার এএসআই আনোয়ার। পরে তাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

এর আগে গত রোববার জাহাঙ্গীরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শাশুড়িকে চিকিৎসার উদ্দেশ্যে গত শনিবার ভুক্তভোগীর স্বামী সোহাগ আকন ঢাকার উদ্দেশে রওনা হন। ওইদিন রাত ৮টার দিকে অভিযুক্ত জাহাঙ্গীর হাওলাদার সোহাগের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিয়ে তার অবস্থান নিশ্চিত হন, যা থেকে ঘটনার পূর্বপরিকল্পনার আভাস মেলে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে ভুক্তভোগী জানান, ঘটনার রাতে ১০টার দিকে তিনি দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার দিবাগত রাত ১টার দিকে অভিযুক্ত পরিকল্পিতভাবে বসতঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং তার কক্ষে গিয়ে ধর্ষণের উদ্দেশ্যে তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় ভুক্তভোগী চিৎকার দিলে ঘরের লাইটের আলোয় তিনি অভিযুক্তকে চিনতে পারেন। চিৎকার সত্ত্বেও জাহাঙ্গীর তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা চালান। ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগীর ছেলের ঘুম ভেঙে গেলে অভিযুক্ত তার মুখ চেপে ধরেন। এরপর ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত কৌশলে ঘর থেকে পালিয়ে যান। ঘটনার পরপরই বিষয়টি স্বামী ও নিকটাত্মীয়দের জানানো হয় বলে অভিযোগে বলা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ রয়েছে এবং তিনি স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে থাকেন। তাঁর ভয়ে তটস্থ সাধারন মানুষ।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন